নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেশের অন্য সাতটি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হলো।
ঢাবি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল সকালে ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সংশ্লিষ্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, এ বছর ‘গ’ ইউনিটে ৯৩০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩০,৭১৯জন।
রংপুর অফিস জানায়, শান্তিপূর্ণ পরিবেশে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
গতকাল শুক্রবার রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রংপুরে পরীক্ষা দিতে এসে বিভাগের আট জেলার শিক্ষার্থীরা সন্তুষ্ট। তারা জানিয়েছেন, এতে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হয়েছে তাদের।
ঢাবি ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর হাফিজুর রহমান সেলিম
জানান, গ ইউনিটে রংপুর বিভাগের এক হাজার ২৭৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও ৯৮ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা বহিষ্কারের ঘটনা ঘটেনি।
অন্যদিকে রোকেয়া বিশ্ববিদ্যালের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী জানান, পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি রক্ষায় সজাগ ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সিলেট ব্যুরো জানায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৯৭ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার সভাপতি অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম।
তিনি বলেন, ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৩০৮ জন। অনুপস্থিত ১১ জন। পরীক্ষায় ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা হয়নি। শাবিপ্রবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে আজ শনিবার (৪ জুন) খ- ইউনিটে ৯৩৮ জন, শুক্রবার (১০ জুন) ক- ইউনিটে ২ হাজার ৮৯৬ জন, শনিবার (১১ জুন) ঘ-ইউনিটে ১ হাজার ১৬৭ জন এবং শুক্রবার (১৭ জুন) চ- ইউনিটে ৭৫ জন মিলিয়ে মোট ৫ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
