এইমাত্র পাওয়া

রাবিতে দুই শিক্ষককে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক।।

অনুমতি না নিয়েই ছুটিতে থাকা ও ভুয়া মাতৃত্বকালীন ছুটি কাটানোর অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। সেই সাথে আরো একজন শিক্ষকের পদোন্নতি চার বছরের জন্য স্থগিত করা হয়েছে।

রোববার (২৯ মে) ৫১৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

স্থায়ীভাবে বহিষ্কার হওয়া ২ শিক্ষক হলেন- বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা জেসমিন। তার বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত ও অনুমতি না নিয়েই ছুটিতে থাকা এবং ছাড়পত্র না নিয়ে বিদেশে অবস্থানের অভিযোগ আনা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যজন হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সালমা সুলতানা। তার বিরুদ্ধে সুপার ভাইজার ও চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতি করে হাইকোর্ট থেকে মাতৃত্বকালীন ছুটি কাটানোর অভিযোগ উঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকেও স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীকে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে চার বছরের জন্য পদন্নোতি স্থগিত করা হয়েছে।

এর আগে গত ৫১২ ও ৫১৩ তম সিন্ডিকেট সভার ওই তিন শিক্ষকের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে। তদন্তে এ তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.