ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পুনর্মিলনী শুক্রবার এএফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান।
উপাচার্য বলেন, সমাজের সব প্রায়োগিক ক্ষেত্রে গণিতের ভূমিকা অসাধারণ। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাইবৃন্দের মধ্যে যোগসূত্র আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে সমাজের সকল শ্রেণির মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে অ্যালামনাইবৃন্দ এগিয়ে আসবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান প্রতিবেদন উপস্থাপন করেন। স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ২০২২-২০২৩ সনের জন্য গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামকে সভাপতি ও ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শওকাত আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
