নিজস্ব প্রতিবেদক।।
ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। ঈদের ১৫ দিন ছুটির পর গতকাল রোববার থেকে স্কুল কলেজ খুলেছে। এবার রমজান ও ঈদুল ফিতরের ছুটি ছিল প্রতিষ্ঠানভেদে ভিন্ন মেয়াদের। স্কুল-কলেজের ১৭ দিন ও প্রাথমিক বিদ্যালয়ের ১৪ দিনের ছুটি গত শনিবার শেষ হয়েছে। এদিকে গতকাল শিক্ষা প্রতিষ্ঠান খুললেও প্রথম দিনে ক্লাসে উপস্থিতি ছিল কম। অনেক শিক্ষার্থী তাদের পরিবারের সাথে ঈদে গ্রামের বাড়ি চলে যাওয়ায় তারা ক্লাসে ফিরতে পারেনি। তবে আশা করা হচ্ছে, আজ বা কাল থেকেই পুরোদমেই শুরু হবে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম।
সূত্র মতে, স্কুল-কলেজে গত ২১ এপ্রিল থেকে শুরু হয়ে শনিবার (৭ মে) পর্যন্ত বন্ধ ছিল শ্রেণী কার্যক্রম। ১৭ দিনের ছুটি শেষ হয়ে গতকাল রোববার খুলছে প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল ১৪ দিন। এসব প্রতিষ্ঠানে ২৪ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ছিল ঈদের ছুটি। বিশ্ববিদ্যালয়গুলো ভিন্ন ভিন্ন সময় পর্যন্ত ছুটি থাকলেও সেগুলোও খুলেছে।
অন্যান্য বছর প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পুরো রমজানে ছুটি থাকত। তবে করোনার ক্ষতি পুষিয়ে নিতে এবার রমজানেও ক্লাস চালু রাখে সরকার। প্রথমে স্কুল-কলেজ ২৬ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে বলা হলেও পরে ২০ এপ্রিল পর্যন্ত খোলা রাখার আদেশ জারি করা হয়। অন্যদিকে প্রাথমিকে ক্লাস চলে ২৩ এপ্রিল পর্যন্ত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
