‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন তাসনিম

নিজস্ব প্রতিবেদক।।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড-২০২২’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

জলবায়ু কূটনীতিতে অবদান রাখার জন্য যুক্তরাজ্যভিত্তিক ‘ডিপ্লোম্যাট’ ম্যাগাজিন তাকে এই স্বীকৃতি দিয়েছে।

গত ২৫ এপ্রিল লন্ডনের বিল্টমোর মেফেয়ারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘ডিপ্লোম্যাট’ ম্যাগাজিনের সম্পাদক ভেনিশা ডি ব্লক ভ্যান কাফেলার হাইকমিশনারের হাতে পুরস্কারটি তুলে দেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি কূটনীতিককে যুক্তরাজ্যে এমন স্বীকৃতি দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ ডিপ্লোম্যাট ম্যাগাজিন কর্তৃক প্রণীত একটি বিশেষ মর্যাদাপূর্ণ পুরস্কার, যা ১৬৫টিরও বেশি দেশের রাষ্ট্রদূতদের মনোনয়ন ও ভোটের ভিত্তিতে প্রতি বছর দেওয়া হয়।

সাইদা মুনা তাসনিমের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় ‘ডিপ্লোম্যাট’ যুক্তরাজ্যের সম্পাদক ভেনিশা ডি ব্লক ভ্যান কাফেলার বলেন, ‘লন্ডনে জলবায়ু কূটনীতিতে অসামান্য অবদান ও নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশ এবং যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্ক জোরদারে অব্যাহত উদ্যোগ ও সাফল্যের জন্য তাকে (সাইদা মুনা তাসনিম) এই সম্মাননা দেওয়া হয়েছে।’

পুরস্কারপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইদা মুনা তাসনিম বলেন, ‘এই স্বীকৃতি আমার দেশের জন্য একটি বড় গর্বের বিষয়।’

হাইকমিশনার তার এই পুরস্কারটি বিশ্বের লাখো জলবায়ু অভিবাসী ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে জলবায়ু বিপর্যয়ের শিকার অগণিত মানুষের প্রতি উৎসর্গ করেন।

এ সময় পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, বাংলাদেশ বিমান বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.