শুক্র-শনিবার স্বল্প পরিসরে খোলা থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক।।

সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) ও শনিবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগরীসহ সারা দেশে কিছু নির্দিষ্ট অঞ্চলে ব্যাংকের শাখা খোলা থাকবে। এসব শাখায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এ বছর ঈদ-উল-ফিতর উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে অধিক পরিমাণে লেনদেন সংঘটিত হচ্ছে। তাই, ব্যাংকে অর্থ জমা ও উত্তোলনের পরিমাণ বেড়েছে। সর্বসাধারণের সুবিধার্থে আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন হবে। তবে, লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এছাড়া, শনিবার (৩০ এপ্রিল) ব্যাংকে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। তবে, লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রমের জন্য বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.