অধিকার নিশ্চিতসহ প্রবীণ পিতা-মাতার সুরক্ষার্থে যথাযথভাবে দায়িত্ব পালন করায় লক্ষ্মীপুরে দুই কৃতী সন্তানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত কৃতী সন্তানরা হলেন লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের প্রভাষক মাহাবুবুর রশিদ ও হাজিরহাট উপকূল কলেজের প্রভাষক মাহামুদুর রহমান।
জেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ অনুসন্ধানে মনোনীত হন সম্মাননাপ্রাপ্তরা।
‘বয়সের সমতার পথে যাত্রা’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার স্থানীয় কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সভায় মিলিত হয়। এতে বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলো।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন ও প্রবীণ হিতৈষী সংঘ জেলা কমিটির আহবায়ক মো. রুহুল আমিন মাস্টার।
বক্তারা বলেন, প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। প্রবীণরা সমাজের বোঝা নয়, তারাও দেশের সম্পদ। এজন্য তাদের সম্মান দেখানো সকলেরই কর্তব্য।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
