নিউজ ডেস্ক।।
রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় ২ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। রোববার রাত সোয়া ৮টার দিকে ধানমন্ডি লেকের পাড়ে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের পর তাদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন- শেখ ফজিলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের ১ম বর্ষের ছাত্র মো. আরিফ হাওলাদার জিসান (১৮) ও ওয়েস্ট ধানমন্ডি স্কুলে দশম শ্রেণির ছাত্র রাহিন ইসলাম (১৬)।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে ধানমন্ডি ৩২ লেকের পাড়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো জানান, আহতরা অভিযোগ করেছে, ছিনতাইকারীরা তাদের ছুরি মেরে মোবাইল নিয়ে গেছে। বিষয়টি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আহতরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলেছে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, ঘটনাটি ছিনতাইয়ের কিনা, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
