সব বাধা কাটলো ইনডেক্সধারী ও নিয়োগ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকদের নিয়োগ জটিলতা, ৩৫ বছরের বেশি বয়সের শিক্ষকদের যোগদান ও ইনডেক্সধারীদের এমপিও জটিলতা সমাধানে আর কোনও বাধা থাকছে না।

রবিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করেন। বৈঠকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) চেয়ারম্যান মো. এনামুল কাদের খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্তে জানানো হয়, এনটিআরসিএ সুপারিশ পাওয়া ৩৫ বছরের বেশি বয়সী শিক্ষকদের যোগদান করতে পারবে। এতে কোনও সমস্যা সৃষ্টি করা যাবে না। আর যারা যোগদান করেননি সেসব পদে ওয়েটিং লিস্ট থেকে নিয়ে এসে যোগদান করাতে হবে।

যেকোনও বিভাগে ইনডেক্সধারী শিক্ষকরা অন্য বিভাগে গেলেও নতুন করে এমপিও নিতে হবে না উল্লেখ করে জানানো হয়, আগের এমপিও বহাল থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় সব বিভাগে সমন্বয় করতে হবে।

যেকোনও বিভাগে ইনডেক্সধারী হলে সে অন্য বিভাগে গেলে নতুন করে এমপিও করতে হবে না বলেও জানানো হয়। বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে কোনও স্কুলে বা কলেজে ইনডেক্সধারী হলে ওই শিক্ষক কারিগরি বা মাদ্রাসা বিভাগের অধীন কোনও শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তাকে নতুন করে এমপিও নিতে হবে না। আগের ইনডেক্স অনুযায়ী পরিবর্তিত বিভাগের অধীনে এমপিওভুক্ত হতে পারবেন।

প্রসঙ্গত, আদালতের আদেশ এবং এনটিআরসিএ সুপারিশ থাকলেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধনধারী ৩৫ বছর বয়সের বেশি শিক্ষকদের যোগদান করতে দেয়নি। অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়রানি করেছে বলেও অভিযোগ রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ইনডেক্সধারী স্কুলের শিক্ষক মাদ্রাসায় চাকরি নিলে নতুন করে এমপিওভুক্ত হতে হতো। এই সিদ্ধান্তের ফলে নতুন করে এমপিওভুক্ত হতে হবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.