প্রাথমিক স্কুল শিক্ষকদের সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে অধিদফতর

নিউজ ডেস্ক।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) নজরদারির উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। সেইসঙ্গে ডিপিইর আওতাধীন অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমও মনিটরিং করা হবে।

এ লক্ষ্যে ২৭ সদস্যবিশিষ্ট প্রধান কার্যালয়-জেলা-উপজেলা ও বিভাগীয় পর্যায়ের ৪টি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ‘স্যোশাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ নামে আরেকটি কমিটিও গঠন করা হয়েছে।

কমিটি গঠন সংক্রান্ত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) হামিদুল হকের স্বাক্ষর করা ওই অফিস আদেশে কমিটির কার্যপ্রণাণি সম্পর্কে বলা হয়েছে, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ অনুসরণ করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ ও মনিটরিং করবে কমিটি। ’

কমিটি মাসে একবার সভা করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের উল্লেখযোগ্য বিষয় চিহ্নিত করে প্রতিবেদন ‘সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ কমিটির কাছে উপস্থাপন করবে। সূত্রঃবাংলাদেশ প্রতিদিন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.