নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ প্রেস কাউন্সিল দেশের সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলোর সুরক্ষার জন্য তাদের একটি ডাটাবেজ তৈরির রোডম্যাপ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, সাংবাদিক নয়; কিন্তু সাংবাদিক পরিচয় দিয়ে যখন কেউ অপকর্ম করে, অনেক সময়ই সেটি পুরো সাংবাদিক সমাজের ওপর বর্তায়। এটি থেকে পুরো সাংবাদিক সমাজকে রক্ষা করার জন্য আমি প্রেস কাউন্সিলকে অনুরোধ জানিয়েছিলাম এ ব্যাপারে অংশীজনদের সাথে আলাপ করে একটি নীতি প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদমাধ্যমগুলোর একটা ডাটাবেজ তৈরি করার জন্য। আমি মনে করি, এতে শৃঙ্খলা আসবে, অপসাংবাদিকতা কমে যাবে। সত্যিকার সাংবাদিক ও গণমাধ্যম সুরক্ষা পাবে। সেই কাজটি প্রেস কাউন্সিল ইতোমধ্যেই শুরু করেছেন। এ জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই।
গতকাল রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের কাছ থেকে কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন-২০২০ গ্রহণের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম, সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, সাইফুল আলম, এস এম কিবরিয়া চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা, ঢাকা-১০ আসনের এমপি মো: শফিউল ইসলাম, সচিব শাহ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক সেবীকা রানী প্রমুখ উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন। একটি জুড়িশিয়াল বোর্ড হিসেবে পাঠক এবং পত্রিকার মধ্যে কোনো বিরোধ উৎপত্তি হলে সেটি নিষ্পত্তি করার লক্ষ্যেই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। সময়ের বাস্তবতায় প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী করার জন্য আমরা যে নতুন আইন খসড়া করেছি, সেটি ইতোমধ্যেই মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। মন্ত্রিসভায় উপস্থাপনের পর পার্লামেন্ট হয়ে সেটি পাস হলে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়বে।
এ সময় ‘সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে’Ñ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা আছে এবং ওয়ারেন্টভুক্ত আসামিরা প্রেস ক্লাবের সামনে, নয়াপল্টনের সামনে মিছিলে মিটিংয়ে বক্তৃতা করছেন। ওয়ারেন্টভুক্ত আসামি যখন পুলিশের নাকের ডগায় আস্ফালন করে, তখন তো তাদেরকে গ্রেফতার করা পুলিশের দায়িত্ব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
