নিউজ ডেস্ক।।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের বেতন-ভাতা আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
রোববার অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এএসএম লোকমান স্বাক্ষরিত এ আদেশ সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সরকারি বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ০৩ মে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারি ও সামরিক বাহিনীর নন-কমিশল্ড অফিসার-কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের অবসর ভাতা ২৫ এপ্রিলের মধ্যে প্রদান করা হবে।
ঈদের আগেই বেতন বোনাসের দাবিতে প্রতিদিনই রাজধানী বা আশপাশের এলাকায় শ্রমিকদের আন্দোলন হচ্ছে৷ সব গার্মেন্টসে ঠিক সময়ে বেতন-বোনাস হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন শ্রমিক নেতারা৷
বেতন বোনাসের দাবিতে প্রতিদিনই কোথাও না কোথাও সড়ক অবরোধ, মানববন্ধন বা বিক্ষোভ হচ্ছে৷ দু’দিন আগে সাভারে সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা ও ঈদ বোনাস ঈদের আগে পরিশোধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমিকরা পবিত্র ঈদুল ফিতরের উৎসব উদযাপন করতে পারবেন কি না তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে৷ অনেক গার্মেন্টস মালিক শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে৷ শ্রমিক নেতারা বলেন, বেসিকের সমপরিমাণ ঈদ বোনাসসহ ২৫ রোজার মধ্যে শ্রমিকের সব বেতন-ভাতা পরিশোধ করতে হবে৷
এ সময় বক্তারা বলেন, বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের দুই ঈদে বেসিক বেতনের সমান বোনাস দেয়ার রেওয়াজ থাকলেও সরকার শ্রম আইনে বোনাসের বিষয় উল্লেখ না করে শ্রমিকদের বঞ্চিত করার সুযোগ তৈরি করে দিয়েছে৷ বলেন, উৎসব বোনাস কোনো দয়া নয়, এটা শ্রমিকের অধিকার৷ অবিলম্বে শ্রমিকদের প্রাপ্য পরিশোধের আহবান জানান তারা৷
তারা বলছেন, কয়েকশ’ গার্মেন্টসে শ্রমিকরা বেতন পেলেও বোনাস পাবেন কিনা তা নিয়ে সংশয় আছে৷
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
