নিউজ ডেস্ক।।
করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত দুই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসিই), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), ইবতেদায়ি সমাপনী পরীক্ষা ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হয়নি। তবে এ বছর পুরোদমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় এ দুই শ্রেণির শিক্ষার্থীদের বাড়তি যত্ন নিচ্ছেন অভিভাবকরা। তবে শিক্ষার দুই মন্ত্রণালয় এখনো এই চার পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে।
অভিভাবকরা বলছেন, গত দুই বছর পিইসি ও জেএসসি পরীক্ষা হয়নি। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে নতুন কারিকুলাম চালু করতে যে তিন-চার বছর বাকি আছে, সে সময়েও পিইসি ও জেএসসি পরীক্ষা না নেওয়া হোক। আর এ বছর যদি পরীক্ষা নেওয়া হয়েই থাকে, তা আরো আগেই জানানো উচিত ছিল। কারণ নভেম্বরে এসব পরীক্ষা নেওয়া হয়। এখন এপ্রিল মাস চলছে। আবার না নেওয়া হলেও ঘোষণা দেওয়া উচিত। তাহলে শিশুদের বাড়তি প্রস্তুতি নিতে কষ্ট করতে হবে না।
পিইসি ও জেএসসি পরীক্ষা নিয়ে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো সিদ্ধান্ত নিতে না পারলেও তারা প্রস্তুতি নিয়ে রাখছে। এরই মধ্যে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলতি মাসেই তা শেষ হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, ‘আমরা এখনই পিইসি ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ব্যাপারে ভাবছি না। কভিডে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। বাড়তি ক্লাস নেওয়া হচ্ছে। ক্ষতি পোষাতেই ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হচ্ছে। আরো পরে আমরা পরীক্ষা নিয়ে ভাবব। ’
ঢাকা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘জেএসসি পরীক্ষার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আমাদের কিছু জানানো হয়নি। তবে প্রাথমিক প্রস্তুতি হিসেবে আমরা জেএসসির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করছি। ’
করোনার প্রাদুর্ভাব শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। করোনা পরিস্থিতির উন্নতি হলে ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে গেলে গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। এরপর মাধ্যমিক থেকে ওপরের দিকে প্রতিষ্ঠান খোলা হয় ২২ ফেব্রুয়ারি। আর প্রাথমিক বিদ্যালয় খোলা হয় ২ মার্চ। এর পর থেকে প্রায় পুরোদমেই চলছে শিক্ষাপ্রতিষ্ঠান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
