শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এমপিওভুক্তির তালিকা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আশা করি শিগগিরই তা প্রকাশ করা হবে। রবিবার বিকেলে সিলেটে জেলা স্টেডিয়ামে ৪৮ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
অনেক দিন যাবত এমপিওর ঘোষণার জন্য অপেক্ষায় রয়েছেন বেসরকারি শিক্ষকরা। মন্ত্রণালয়ের কর্মকর্তাও বলেছেন খুবই শিগগিরই ঘোষণা আসবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাখাতের সামগ্রিক সংস্কারে সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে। একটি সমন্বিত শিক্ষা আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নাধীন রয়েছে।
ডা. দীপু মনি বলেন, আমি আশা করি আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলার মাধ্যমে সুস্থ্য শরীর ও মনন গঠন করবে। মাদক ও জঙ্গিবাদ থেকে আমাদের ছেলে মেয়েদের বিরত রাখতে খেলাধুলা একটি বিশেষ ভূমিকা পালন করবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
