নিউজ ডেস্ক।।
পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেও ফিরে যেতে হয়েছিল বৃষ্টির কারণে। প্রকৃতির বাগড়ায় প্রায় ২০ মিনিট বন্ধ থাকার পর শুরু হয় খেলা। আর দিনের প্রথম তিন বলেই তিন বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে ইতিবাচক সূচনা এনে দিয়েছেন ইয়াসির আলি রাব্বি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৬৬ রান। নিজেদের প্রথম ইনিংসে ৪৫৩ রানে অলআউট হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে এখনও ২৮৭ রানে পিছিয়ে বাংলাদেশ। ফলোঅন এড়াতেও করতে হবে আরও ৮৮ রান।
আজকের দিনের খেলা শুরুর আগেই আকাশে মেঘের ঘনঘটা ছিল। অন্ধকারে ছেয়ে ছিল পুরো স্টেডিয়াম। তবু যতটুকু আলো ছিল তাতেই দিনের খেলা শুরু করার প্রস্তুতি নিয়েছিলেন দুই আম্পায়ার। মাঠেও নেমে গিয়েছিলেন দুই দলের ক্রিকেটাররা। কিন্তু প্রথম বল করার আগেই নামলো বৃষ্টি।
ফলে মাঠে গড়ালো না কোনো বল। গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়ে মাঠ ছাড়েন বাংলাদেশ দলের দুই ব্যাটার মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা ধীর পায়ে অনেকটা অনিচ্ছা নিয়েই মাঠের বাইরে যান।
বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরুর কথা ছিল পোর্ট এলিজাবেথ (গেবেখা) টেস্টের তৃতীয় দিনের খেলা। কিন্তু বৃষ্টির কারণে যথাসময়ে শুরু হয়নি আজকের খেলা। বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে উইকেট ও এর আশপাশের জায়গা ঢেকে দেওয়া হয় কভার দিয়ে। পরে ২০ মিনিট দেরিতে শুরু হয় খেলা।
দিনের খেলা শুরুর পর লিজাড উইলিয়ামসের করা প্রথম ওভারের প্রথম তিন বলেই তিন বাউন্ডারি হাঁকান ইয়াসির রাব্বি। উইলিয়ামসের পরের ওভারের প্রথম বলেও হাঁকান বাউন্ডারি। আরেক পেসার ডোয়াইন অলিভারকেও অন ড্রাইভে চার মারেন তিনি।
সবমিলিয়ে দিনের প্রথম পাঁচ ওভারেই ২৭ রান তুলে নেয় বাংলাদেশ। যার মধ্যে ছয় চারের মারে ২৬ রান একাই করেন ইয়াসির। অন্য রান আসে লেগ বাই থেকে। আরেক অপরাজিত ব্যাটার মুশফিক ৫ বল খেলে কোনো রান নিতে পারেননি। তিনি অপরাজিত রয়েছেন ৩০ রানে, ইয়াসিরের সংগ্রহ ৩৪ রান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
