গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, সরকার শীঘ্রই প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দুপুরের খাবারের ব্যবস্থা করবে।
শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিলডুমুরিয়া পদ্মডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দুপুরের খাবারের ব্যবস্থা করবে। সরকার এদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সু-ব্যবস্থা করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। এর সুফল ইতোমধ্যেই দেশবাসী পেতে শুরু করেছে।
শ ম রেজাউল করিম বলেন, আপনার সন্তান কি করে সেদিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তাদের আদর্শবান করে গড়ে তুলতে হবে। কারণ এরাই হচ্ছে এদেশের আগামী দিনের ভবিষ্যত।
মন্ত্রী বলেন, টুঙ্গীপাড়ার বাঁশবাড়িয়া থেকে নাজিরপুরের দেউলবাড়ি দোবরা, মালিখালী, দীর্ঘা, স্বরূপকাঠীর দৈহারী হয়ে ইন্দেরহাট-স্বরূপকাঠী সেতু এবং সড়ক হচ্ছে। এটি সম্পন্ন হলে এলাকার মানুষের জীবন মানে এক অকল্পনীয় পরিবর্তন সাধিত হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়।
উপজেলা নির্বাহী অফিসার রোজি আকতারের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
