এইমাত্র পাওয়া

মেডিক্যালে ভর্তি পরীক্ষা কাল, এক আসনে ৩৩ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক।।

শুক্রবার ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। সকাল ১০টায় শুরু হয়ে এক ঘণ্টার এ পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। মোট এক লাখ ৪৩ হাজার ৭৩০ শিক্ষার্থী মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। সারাদেশে সরকারী মেডিক্যাল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে ৩৩ জনের বেশি পরীক্ষার্থী।

জানা যায়, এরইমধ্যে মেডিক্যাল ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। প্রতিটি কেন্দ্রে থাকবে মোবাইল কোর্ট। কোভিড-১৯ সংক্রমণ রোধে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাস্ক পরে কেন্দ্রে আসার জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। কেউ মাস্ক না পরে এলে মাস্ক সরবরাহের ব্যবস্থা থাকবে।

এছাড়া, মেডিক্যাল ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয় সভায় বেশকিছু ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে- যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ। পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র ছাড়া অন্য কোন কাগজ সঙ্গে নিতে পারবেন না। সকাল ৮টায় কেন্দ্রের গেট খুলে দেয়া হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কেন্দ্রের গেট বন্ধ করে দেয়া হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সব পরীক্ষার্থীর দেহ তল্লাশি করে প্রবেশ করানো হবে। কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কেউ পরীক্ষা চলাকালে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। প্রতিটি কেন্দ্রে থাকবে মোবাইল কোর্ট।

পরিস্থিতি বিবেচনায় মেডিক্যাল পরীক্ষায় অংশগ্রহণকারীদের অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে হবে। যেন তারা ১ এপ্রিল সকাল ৮টার মধ্যে কেন্দ্রের সামনে উপস্থিত থাকতে পারেন।

আরও জানা গেছে, সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা মহানগরীতে আগামী শুক্রবার মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

কেন্দ্রগুলো হলো-ঢাকা মেডিক্যাল কলেজ (৯টি কেন্দ্র): ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন, লেকচার থিয়েটার ভবন, বিজনেস স্টাডিজ অনুষদ ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, মোকারম হোসেন, বিজ্ঞান ভবন, এএফ মুজিবুর রহমান, গণিত ভবন, বিজ্ঞান ভবন, কাজী মোতাহার হোসেন ভবন, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ, বকশি বাজার, ঢাকা।

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (৩টি কেন্দ্র): ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ ও নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ (২টি কেন্দ্র): তেজগাঁও কলেজ, ইন্দিরা রোড, ঢাকা ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকা।

মুগদা মেডিক্যাল কলেজ (২টি কেন্দ্র): আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, মতিঝিল ক্যাম্পাস, ঢাকা ও আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, মুগদা ক্যাম্পাস, ঢাকা।

ঢাকা ডেন্টাল কলেজ (২টি কেন্দ্র): সরকারী তিতুমীর কলেজ, ঢাকা ও সরকারী বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.