তিন মাস আগে রেজিস্ট্রেশন করে এসএসসি পরীক্ষার সুযোগ নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক।।
এসএসসি পরীক্ষার তিন মাস আগে পরীক্ষার্থীদের এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড। বোর্ড থেকে ২০২০ সালের নবম শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের অর্থাৎ ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন আগামী ১৩ মার্চ থেকে শুরু হচ্ছে। করোনার কারণ দেখিয়ে বাদপড়া শিক্ষার্থী ও বিভিন্ন বোর্ড পরিবর্তনের (ছাড়পত্র) মাধ্যমে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ১৬ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এদিকে পরীক্ষার তিন মাস আগে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া নিয়ে শিক্ষকরা নানা মত দিচ্ছেন। কারো মতে এতে বাদপড়া শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের সুযোগ পেয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন। অপর দিকে কেউ কেউ বলছেন, পরীক্ষার তিন মাসে আগে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়ায় অনেক প্রতিষ্ঠান অনৈতিকভাবে নিজেদের পরীক্ষার্থী সংখ্যা বাড়ানোর সুযোগ পাবে এবং ভুয়া পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ তৈরি হবে।

বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল মনছুর ভূঁঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন অনুমোদিত সব শিক্ষা প্রতিষ্ঠানে ২০২০ সালের নবম শ্রেণিতে (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে বাদপড়া শিক্ষার্থী ও বিভিন্ন বোর্ড পরিবর্তনের (ছাড়পত্র) মাধ্যমে আসা শিক্ষার্থীদের আগামী ১৩ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। এ জন্য সোনালী সেবার মাধ্যমে বিলম্ব ফি ছাড়া ১৭১ টাকা জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্দিষ্ট সময়ের পর আর কোনো বাদপড়া শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করা না হলে এর দায়দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

এ বিষয়ে একজন শিক্ষক জানান, এতে অনেক শিক্ষার্থী যারা বঞ্চিত হয়েছিল তারা পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। আবার শিক্ষকদের কারো কারো মতে, বাদ পড়ে যাওয়ার অজুহাতে তিন মাস আগে রেজিস্ট্রেশনের সুযোগ পেলে অনেকে ভুয়া পরীক্ষার্থীকে রেজিস্ট্রেশন করাতে পারবেন। এতে ভুয়া পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে।

চলতি বছর ১৯ জুন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ঢাকা বোর্ড। আগামী ১৩ এপ্রিল থেকে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শুরু হবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে ১৯ মে থেকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.