এইমাত্র পাওয়া

নারী অধিকার সুরক্ষার বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবেঃ ইউজিসি

 

দেশের সকল স্তরের পাঠ্যপুস্তকে নারীর অধিকার সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একইসঙ্গে নারী-পুরুষের সমঅধিকার, মর্যাদা ও সহমর্মিতার বিষয়গুলো ক্যারিকুলামে যুক্ত করা এবং নারীর প্রতি বৈষম্য যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তরা আজ মঙ্গলবার এ আহ্বান জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, পরিবারে ছেলে ও কন্যা শিশুর মধ্যে যেন কোন ধরনের বৈষম্য সৃষ্টি না হয় সেদিকে পিতামাতাকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।

বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কন্যা শিশুর ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে বিধি নিষেধ আরোপ করা হয়ে থাকে। এটি নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় এক ধরনের প্রতিবন্ধকতা। পরিবার থেকেই নারীর সমঅধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এক্ষেত্রে বাবা মায়ের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে।প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের অবদান অনেক বেশি।
শিক্ষা, পুলিশ, সেনাবাহিনীসহ সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আগামীতে দেশের সকল সেক্টরে নারীরা নেতৃত্ব দেবে।প্রফেসর ড. দিল আফরোজ বলেন, নারী ও পুরুষের মধ্যে বৈষম্য তৈরি করে এমন বিষয় পাঠ্যপুস্তকে যেন অন্তর্ভুক্ত না করা হয় সেদিকে সংশ্লিষ্টদের দৃষ্টি রাখতে হবে। এছাড়া তিনি নারীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. আবু তাহের, সচিব ড. ফেরদৌস জামান, অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন ও নাহিদ সুলতানা বক্তব্য রাখেন।

ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সহকারী পরিচালক গোলাম দস্তগীরের সঞ্চালনায় সভায় ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক কামাল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ওমর ফারুখ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামিনুর রহমান, ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক ড. দূর্গা রানী সরকারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।  

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.