এইমাত্র পাওয়া

দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের অপেক্ষায় প্রায় চার কোটি মানুষ

নিউজ ডেস্ক।।

দেশে গতকাল (১ মার্চ) পর্যন্ত প্রথম ডোজ করোনার ভ্যাকসিন নিয়েছেন ১২ কোটি ৪৬ লাখ ৯১ হাজার ৯১২ মানুষ। এর মধ্যে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৮ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার ৬৫৬ জন। প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের অপেক্ষায় আছেন ৩ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ২৫৬ জন।

দেশে এখন পর্যন্ত দুই ডোজ ভ্যাকসিন দেওয়ার পর তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ নিয়েছেন আরও ৩৮ লাখ ৭৩ হাজার ২৭৬ জন। বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গতকাল (১ মার্চ) করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৬১ হাজার ১১৪ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ৪১ হাজার ৩৩৬ জন। এছাড়াও এ সময়ে বুস্টার ডোজের টিকা নিয়েছেন ৭০ হাজার ১২৯ জন। সবমিলিয়ে ৯ লাখ ৭২ হাজার ৫৭৯ ডোজ টিকা দেওয়া হয়েছে।

দেশের সব নাগরিককে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে প্রথমে একদিন এবং পরবর্তী সময়ে তিন দিনব্যাপী প্রথম ডোজের গণটিকা কার্যক্রম পরিচালনা করে সরকার। সবমিলিয়ে এই কার্যক্রমে (তিন দিনে) প্রথম ডোজ ভ্যাকসিন পেয়েছেন ১ কোটি ৪৬ লাখ ৮৭ হাজার ৫৪৪ জন।

দেশজুড়ে গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোভ্যাক ও জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.