সার্চ কমিটিতে নাম প্রস্তাবকারীদের তালিকা প্রকাশ করতে বলছে সুজন

অনলাইন ডেস্ক।।

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ (অনুসন্ধান) কমিটিতে নাম প্রস্তাবকারীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। স্বচ্ছ প্রক্রিয়ায় সুনামের অধিকারী ও সাহসী ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগের দাবিতে আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, সার্চ কমিটির কাছে কারা, কোন ব্যক্তির নাম জমা দিয়েছেন, সে বিষয়টি প্রকাশ করতে হবে। সংবাদ সম্মেলনে সার্চ কমিটিকে পরিপূর্ণ স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে অভিজ্ঞ, সৎ, সাহসী ও সুনামের অধিকারী ব্যক্তিদের খুঁজে বের করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, অসম্পূর্ণ তথ্য প্রকাশ করলে তা স্বচ্ছতা পায় না। সার্চ কমিটির কার্যপদ্ধতি এবং কী মানদণ্ডে তারা প্রস্তাবিত মানুষগুলোর সুনাম যাচাই করবেন, তা জানানো দরকার। রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম পাঠানোর তিন দিন আগেই তা প্রকাশে সার্চ কমিটির কাছে দাবি জানান তিনি।

গত ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়। তার আগেই ৫ ফেব্রুয়ারি ইসি গঠনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সার্চ কমিটি গঠন করেন। সার্চ কমিটি নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, বিশিষ্টজনদের সঙ্গে আলাপ করে ৩১৫ জনের নাম প্রস্তাব পায়, যা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

লিখিত বক্তব্যে বদিউল আলম মজুমদার বলেন, সার্চ কমিটিকে শুধু নিরপেক্ষতা প্রদর্শন করলেই হবে না, কমিটি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে, তাও জনগণের কাছে প্রতীয়মান হতে হবে। কী মানদণ্ডের ভিত্তিতে ও কী পদ্ধতিতে কমিটি তার বিবেচনাধীন ব্যক্তিদের সুনাম যাচাই করবে, তাও জনগণকে জানানো জরুরি। কমিটি যা প্রকাশ করেছে, তাতে পরিপূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হয়নি, কারণ কাদের নাম প্রস্তাব করা হয়েছে, তা প্রকাশ করলেও কারা প্রস্তাব করেছে, তা কমিটি প্রকাশ করেনি। অসম্পূর্ণ তথ্য প্রকাশ করলে বা তথ্য গোপন করলে স্বচ্ছতা নিশ্চিত হয় না।

সংবাদ সম্মেলনে আরও কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- সার্চ কমিটিকে তার কার্যপদ্ধতি অবিলম্বে জনগণকে জানানো, কী মানদণ্ডের ভিত্তিতে ও কী পদ্ধতিতে কমিটি তার বিবেচনাধীন ব্যক্তিদের সুনাম যাচাই করবে এবং তাদের অনুসন্ধান করে বের করবে, তাও জানানো। প্রকাশিত প্রাথমিক তালিকা থেকে অন্তত এক-তৃতীয়াংশ নারীসহ ২০ থেকে ৩০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে তা প্রকাশ করা। এরপর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া, তাদের সম্পর্কে শুনানি করা এবং বিভিন্ন সূত্র থেকে তাদের সম্পর্কে তথ্য নেওয়া।

দাবির মধ্যে আরও রয়েছে- অনুসন্ধানের ভিত্তিতে পরিপূর্ণ সতর্কতা ও যথাযথ বিবেচনাশক্তি কাজে লাগিয়ে একটি প্রতিবেদনসহ ১০ জনের চূড়ান্ত তালিকা তৈরি করা। রাষ্ট্রপতির কাছে পাঠানোর তিন দিন আগে প্রতিবেদনটিসহ চূড়ান্ত তালিকা জনগণের অবগতির জন্য প্রকাশ করা। কমিটির কাজ শেষ হওয়ার পর কমিটির কাজের প্রক্রিয়াসহ একটি প্রতিবেদন প্রণয়ন ও প্রকাশ করা।

সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, বিবেচনাধীন ব্যক্তিদের পরিচয়, প্রস্তাবক ইত্যাদি জানাতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.