শাবিপ্রবিতে ফের আন্দোলন, যাচ্ছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে তাদের সঙ্গে আলোচনায় বসতে ক্যাম্পাসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মুজিবর রহমান শিক্ষামন্ত্রীর সফরের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল শুক্রবার সকাল ৮টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।

এদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ জানান, শিক্ষামন্ত্রীর এই সফরে শাবিপ্রবির বিতর্কিত উপাচার্যের অপসারণের ইস্যু নিয়ে আলোচনা করা হবে।

উপাচার্যের পদত্যাগের দাবিতে চলা আন্দোলন সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসে কিছুটা স্থিমিত হলেও ফের নতুন করে জ্বলে উঠতে শুরু করেছে আন্দোলনের আগুন। গতকালের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মিছিলে-স্লোগানে প্রকম্পিত হয় শাবিপ্রবি ক্যাম্পাস। এ সময় শিক্ষার্থীদের রক্তিম হস্তছাপে রঙিন হয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনের সামনের দেয়াল।

এর আগে প্রাধ্যক্ষের অপসারণের দাবিতে চলতে থাকা আন্দোলন গত ১৬ জানুয়ারি পুলিশি অ্যাকশনের পর উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলনে পরিণত হয়। এরপর ১৯ জানুয়ারি থেকে ২৪ শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসে ২৬ জানুয়ারি অনশন ভাঙেন শিক্ষার্থীরা। এরপর দুই সপ্তাহেও কোনো প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.