আজ শুরু কওমি শিক্ষার্থী ও ভাসমান জনগোষ্ঠীর টিকাদান

নিউজ ডেস্ক।।

দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকাদান আজ রবিবার থেকে শুরু হচ্ছে। একই সঙ্গে রাজধানীর ভাসমান মানুষদেরও টিকার আওতায় আনা হচ্ছে আজ থেকে। রাজধানীর স্কলার্স স্কুলে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমএনসিএন্ডএইচ) ও ভ্যাকসিন ডেপ্লায়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে রবিবার সকাল ৯টায় মিরপুর জামিয়া কওমি মাদ্রাসায় টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হবে। এটা শুধু ঢাকা নয় সারাদেশের সব কওমি মাদ্রাসায় টিকা দেওয়া হবে। ধীরে ধীরে বাড়ানো হবে এটার প্রসার। এ জন্য সারাদেশের কওমি মাদ্রাসার প্রধান শিক্ষকদের সঙ্গে সভা করা হয়েছে। তারা এ কাজে সহযোগিতা করবেন বলে নিশ্চিত করেছেন।

যেভাবে স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, সে ভাবে ১২ থেকে ১৮ বছরের ওপরের কওমি শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে বলে জানান ডা. শামসুল হক। তিনি বলেন, আমাদের টিকার অভাব নেই। যত শিক্ষার্থী থাক না কেন সবাই টিকা পাবেন। মাদ্রাসার শিক্ষার্থীরা টিকা নিতে চায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কওমি মাদ্রাসার টিকাদান কর্মসূচি বাস্তবায়নের আগে তাদের সঙ্গে কথা বলেছি। তারা টিকা নিতে চান বলে নিশ্চিত করেছেন। এমনকি এ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এদিকে আজ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভাসমান মানুষদের টিকাদান কর্মসূচি শুরু হবে। ডা. শামসুল বলেন, ভাসমান জনগোষ্ঠীর তালিকা ইতোমধ্যে তৈরি করেছি। ভাসমান জনগোষ্ঠীকে নিয়ে কয়েকটি এনজিও কাজ করে। এনজিও ও দুই সিটি করপোরেশন এবং স্বাস্থ্য বিভাগের লোকজন নিয়ে রবিবার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে।

যে তালিকা তৈরি করা হয়েছে, সেখানে ২ লাখ ৮৫ হাজার ভাসমান মানুষ অন্তর্ভুক্ত হয়েছে। এটি কম হতে পারে, বেশিও হতে পারে। কোভ্যাক্স সুবিধায় পাওয়া ৩ লাখ ৩৬ হাজার জনসনের টিকা এ ক্ষেত্রে ব্যবহার করা হবে। দিনে অন্তত ১ হাজার মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে আমাদের।

গ্রাম এবং শহরাঞ্চলের ইটভাটা শ্রমিকদেরও টিকার আওতায় আনতে ইতোমধ্যে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। একই সঙ্গে জেলে সম্প্রদায়ের মধ্যে টিকা দেওয়ার কাজ হচ্ছে। সিলেটের চা বাগানের শ্রমিকদের টিকার আওতায় আনতেও কাজ চলছে বলে জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.