।। মুহাম্মদ জসিম উদ্দীন ।।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষক সংকট কাটছে না। করোনায় দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং দীর্ঘ দিন ধরে নিয়োগ না দেয়ায় দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চরম শিক্ষক সংকট দেখা দিয়েছে। এ সংকট সমাধানে সম্প্রতি এনটিআরসিএ প্রায় ৩৮ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করেছেন।
কিন্তু সুপারিশ প্রাপ্তদের মধ্যে আগের নিয়োগ পাওয়া ইনডেক্সধারী শিক্ষকরা থাকায় শিক্ষক সংকট থেকেই যাচ্ছে। তথ্য মতে, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শূন্য পদের সংখ্যা প্রায় ৮০ হাজার। এনটিআরসিএ শূন্য পদ গুলো পূরণের জন্য প্রায় ৫৪ হাজার পদের একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
আবেদন পত্র যাচাই বাছাই করে সর্বশেষ প্রায় ৩৪ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ পত্র দিয়েছেন এনটিআরসিএ। শূন্য পদ অনুসারে এ সংখ্যা অনেক কম। তদুপরি সর্বশেষ তথ্য নেয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় ইতিমধ্যে আরো অনেক শিক্ষক অবসরে গিয়েছেন। আবার যাদেরকে সুপারিশ করা হয়েছে তাদের প্রায় অর্ধেকই নাকি পুরাতন ইনডেক্সধারী শিক্ষক।
তারা নতুন প্রতিষ্ঠােনে যোগদান করলেও পূর্বের প্রতিষ্ঠানটি আবার শূন্য হবে। তাছাড়া সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারীরা অনেকে নতুন প্রতিষ্ঠান মন মতো না হওয়ায় যোগদানও করবেন না। সব মিলিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে, শিক্ষক সংকট থেকেই যাচ্ছে।
শিক্ষকরা মনে করেন, বদলি ব্যবস্থা চালু না থাকায় এনটিআরসিএ এর নিয়োগ প্রক্রিয়া ব্যার্থ হচ্ছে। পুরাতন ইনডেক্সধারী শিক্ষকদেরকে আগে তাদের চাহিদা মতো প্রতিষ্ঠানে বদলি করে পরবর্তীতে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া করলে শিক্ষক সংকট অনেকটা দূর করা সম্ভব।
এদিকে এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘ দিন ধরে বদলির দাবি করে আসছেন। দূর দুরান্তে চাকরি করে তারা অনেকটা হাঁপিয়ো উঠেছেন। পরিবার পরিজন থেকে দূরে অবস্থান করে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়াও যৎসামান্য। এ টাকা দিয়ে ভালো কোনো বাসা ভাড়াও সম্ভব নয়। তাই স্বল্প বেতনে চলার জন্য তারা নিজ এলাকায় বদলি চান।
শিক্ষকরা মনে করেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই সম্পন্ন করা সম্ভব। এতে সরকারে বাড়তি কোনো ব্যয়ও হবে না। অধিকন্তু দূর হবে নানান সমস্যা, বাড়বে শিকার মান, দূর হবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট।
লেখক- মুহাম্মদ জসিম উদ্দীন প্রভাষক, জিরাইল আজিজিয়া ফাজিল মাদরাসা বাকেরগঞ্জ, বরিশাল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
