সোমবার থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় সোমবার থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রোববার তথ্য অধিদপ্তর থেকে প্রেরিত এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের পর দেশে প্রতিনিয়ত সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে সরকারের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল, ১ জানুয়ারি পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে ছিল। এরপর থেকে সংক্রমণ ক্রমাগত বেড়ে চলছে। ডিসেম্বরে মোট শনাক্ত হয়েছিল চার হাজার ৫৮৮ জন রোগী। এর বিপরীতে জানুয়ারির প্রথম ১১ দিনে ১২ হাজার ৮৫০ জন রোগী শনাক্ত হয়।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতেও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১০ হাজার ৯০৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৯ শতাংশ। শনিবার শনাক্তের হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.