অনলাইন ডেস্ক।।
আগামী ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তারের দল গঠন করা হবে। ক্ষুদে ডাক্তারের দল শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টি শক্তি পরীক্ষা করে অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি, দৃষ্টি শক্তির ত্রুটিসহ নানা বিষয় গাইড শিক্ষকের নজরে আনবেন।
জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি জানিয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর। গত ১০ জানুয়ারি পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও সমপর্যায়ের মাদরাসাসহ সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষায় গঠিত ক্ষুদে ডাক্তারদের দল তাদের জন্য নির্ধারিত শ্রেণির সব শিক্ষার্থীর ওজন, উচ্চতা ও দৃষ্টি শক্তির পরিমাপসহ অনুষাঙ্গিক অন্যান্য তথ্য সংগ্রহ করে তা স্বাস্থ্য পরীক্ষার ফরমে লিপিবদ্ধ করবে। শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার দল গঠন ও তাদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা একটি অভিনব কার্যক্রম যাতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়ার, দলগতভাবে কাজ করার ও সুশৃঙ্খলভাবে বেড়ে ওঠার সুযোগ রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার করতে গিয়ে ক্ষুদে ডাক্তারের দল কোনো শিক্ষার্থীর অস্বাভাবিক বৃদ্ধিসহ দৃষ্টি শক্তিতে ত্রুটি বা স্বাস্থ্য পরীক্ষার ফরসেম উল্লেখিত অন্যান্য তথ্য গাইড শিক্ষকের নজরে আনতে পারছে ও বিষয়গুলো প্রাথমিক অবস্থাতেই সমাধানে ভূমিকা রাখছে।
এ কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নের ইবতেদায়ি ও দাখিল পর্যায়ের প্রতিটি মাদরাসার শিক্ষকদের বিষয়টি জানাতে মাদরাসার শিক্ষা অধিদপ্তরকে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিতেও অধিদপ্তরকে বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
