অনলাইন ডেস্ক।।
মারাত্মক সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে যুক্তরাষ্ট্রে এক দিনেই ১১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।
এর আগের রেকর্ডটি ছিল গত ৩ জানুয়ারির। সেদিন একদিনে যুক্তরাষ্ট্রে শনাক্ত হয় ১০ লাখ ৩০ হাজার করোনা রোগী। সোমবার বিপুল সংখ্যক রোগী শনাক্ত হওয়ার বড় কারণ সাপ্তাহিক ছুটির দিনে রিপোর্ট দেওয়া হয়নি। গত দুই সপ্তাহে গড় রোগী বৃদ্ধির পরিমাণ তিনগুণ বেড়েছে। গত সাত দিনে প্রতিদিন গড়ে সাত লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সব রাজ্য এখন পর্যন্ত সোমবারের শনাক্তের হিসাব প্রকাশ করেনি। ফলে চূড়ান্ত হিসেব আরও অনেক বেশি হতে পারে।
রয়টার্সের হিসেবে, যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে বর্তমানে করোনা রোগী রয়েছে এক লাখ ৩৫ হাজার ৫০০ জন। আগের রেকর্ডটি ছিল গত বছরের জানুয়ারিতে। ওই সময়ে দেশটিতে এক লাখ ৩২ হাজার ৫১ রোগী হাসপাতালে ভর্তি ছিলেন।
সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় স্কুল খোলা রাখাও কঠিন হয়ে পড়েছে। আক্রান্ত হওয়ায় শিক্ষক ও স্কুল বাসের চালকরা কাজে যোগ দিতে পারছেন না, শিক্ষার্থীরাও অনুপস্থিত থাকছে। বিপুল সংখ্যক কর্মী কোভিডে আক্রান্ত হওয়ায় নিউ ইয়র্ক শহরে পাতাল রেলের তিনটি লাইন বন্ধ রাখা হয়েছে।
ফাইজারের সিইও সোমবার বলেছেন, ওমিক্রনকে সামাল দেওয়ার জন্য বিশেষভাবে একটি টিকা তৈরি করা প্রয়োজন বলে তিনি মনে করছেন। আগামী মার্চের মধ্যে তার কোম্পানিই হয়ত একটি টিকা আনতে পারবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
