অনলাইন ডেস্ক।।
আমদানি মূল্য বৃদ্ধির কারণে সৃষ্ট চাপ মোকাবিলার পাশাপাশি প্রবাসীদের উৎসাহ দিতে বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলারের বিপরীতে বড় পরিসরে টাকার অবমূল্যায়ন করেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে এটি স্থানীয় মুদ্রার একটি বড় অবমূল্যায়ন।
কেন্দ্রীয় ব্যাংক সাধারণত একটি নির্দিষ্ট কর্মদিবসের জন্য প্রতি ডলারে ০.০৫ টাকা থেকে ০.১০ টাকার মধ্যে স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন করে।
খোলাবাজারে এখন ডলার বিক্রি হচ্ছে ৯০ টাকার বেশি দরে।পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরের ভাষ্য, বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য আনতে এটি কেন্দ্রীয় ব্যাংকের সঠিক একটি সিদ্ধান্ত।
স্থানীয় মুদ্রার অবমূল্যায়নে তিনি প্রতি ডলার কমপক্ষে ৮৮ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘স্থানীয় মুদ্রার অবমূল্যায়নে বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টার প্রথম পদক্ষেপ এটি। আমি আশা করি বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক এটি আরও কয়েকটি ধাপে করবে।’
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, বাজারের চাহিদা ও যোগানের ওপর ভিত্তি করে বিনিময় হার নির্ধারণ করার কথা। কিন্তু অর্থনীতির স্বার্থে বাংলাদেশ ব্যাংক সময় সময় বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করে।আমদানি বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ কমে আসার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে স্থানীয় মুদ্রা চাপের মুখে পড়েছে।
এই প্রেক্ষাপটে টাকার অবমূল্যায়ন রোধে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে বাজারে ডলার ঢুকিয়েছে।উদাহরণ হিসেবে বলা যায়, আমদানি বিল নিষ্পত্তি করতে চলতি অর্থবছরে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ২ দশমিক ৫০ বিলিয়ন সমমূল্যের ডলার কিনেছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে।
এদিকে চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ কমে ১০ দশমিক ২৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তার ভাষ্য, স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন ব্যবসায়ীদের বিলাসবহুল পণ্য আমদানিতে নিরুৎসাহিত করবে। একইসঙ্গে এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত অর্থ আনুষ্ঠানিক খাতের মাধ্যমে পাঠাতে উৎসাহিত করবে। এ ছাড়া এটি রপ্তানিকারকদেরও উৎসাহিত করবে বলে জানান তিনি।
অনুবাদ করেছেন মামুনুর রশীদ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
