করোনা শনাক্তের হার ৭ শতাংশ ,১ সপ্তাহে বেড়েছে ১১৫ শতাংশ

অনলাইন ডেস্ক।।

দেশে গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় করোনা শনাক্তের হার ১১৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক নাজমুল ইসলাম জানান, গতকাল শনিবার পর্যন্ত গত এক সপ্তাহে দেশে ৬ হাজার ৩০০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই সংখ্যা এর আগের সপ্তাহের চেয়ে ৩ হাজার ৩৭৬ জন বেশি।

অর্থাৎ এক সপ্তাহে সংক্রমণ প্রায় ১১৫ শতাংশ বেড়েছে। তিনি বলেন, সামগ্রিকভাবে গত দুই মাসে সংক্রমণের হার ২ শতাংশ বা তার নিচে ছিল। কিন্তু গত এক সপ্তাহে শনাক্তের হার একটু একটু করে বাড়ছে। ২ জানুয়ারি ৫৫৭ জন রোগী শনাক্ত হলেও ৮ জানুয়ারি সেটা ১ হাজার ১১৬ জনে দাঁড়িয়েছে। জানুয়ারির শুরুতে শনাক্তের হার ৩ শতাংশের নিচে থাকলেও এটি এখন প্রায় ৬ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে।

নাজমুল ইসলাম আরও বলেন, গত সাত দিনে ছয় হাজার ৩০০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা গত সপ্তাহের থেকে তিন হাজার ৩৭৬ জন বেশি। শতকরা হিসাবে গত সপ্তাহের তুলনায় ১১৫ শতাংশের বেশি রোগী এ সপ্তাহে শনাক্ত হয়েছে। গত সাত দিনে করোনায় ২৩ জনের মৃত্যু হয়েছে, যা গত সপ্তাহের থেকে ১৫ শতাংশ বেশি।

অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, গত ৩০ দিনের চিত্রের দিকে তাকালে একটি ঊর্ধ্বমুখী চিত্র চোখে পড়ে। সারা বিশ্বে করোনা পরিস্থিতি দিন দিন নাজুক হয়ে যাচ্ছে। ইউরোপে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে ব্যাপকভাবে। ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই। কারণ আক্রান্ত ব্যক্তিদের অনেকেই একেবারেই সুস্থ আছেন।  

তিনি বলেন, শুধু ওমিক্রন নয়, করোনায় আক্রান্ত যে কেউ যথাসময়ে চিকিৎসার ব্যাপারে পরামর্শ নিন। তথ্য গোপন না করে চিকিৎসা নিলে করোনা মোকাবিলা করার কাজটি সহজ হয়ে যায়।

চিকিৎসক নাজমুল ইসলাম বলেন, সবার সক্রিয় সহযোগিতায় বাংলাদেশে আমরা গত দুবছর যেভাবে করোনা মোকাবিলা করেছি, চলতি ২০২২ সালেও তা অব্যাহত রাখতে পারবো। আশা করি, আমরা এই মহামারিকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে পারবো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.