১২ বছর হলেই স্কুলে যেতে লাগবে টিকা

নিউজ ডেস্ক।।

এখন থেকে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের স্কুলে যেতে হলে করোনার অন্তত এক ডোজ টিকা নিতে হবে। না হলে স্কুলে যেতে পারবে না। শুধু তাই নয়, করোনাভাইরাসের টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেল-রেস্টুরেন্টের মতো শপিংমলেও প্রবেশ করা যাবে না। একই সঙ্গে ট্রেন, প্লেন, লঞ্চেও চলাচল করা যাবে না- এমন ভাবনার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভার সবিস্তারিত বলতে গিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ওমিক্রন নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। গত ৩ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা হয়েছে। সেখানে যে বিষয়টি পয়েন্ট আউট করা হয়েছে, সেটা হলো ভ্যাকসিনটা আরও জোরদার করতে হবে। বুস্টারটা আরও কীভাবে কমফোর্টেবল ও বিস্তৃত করা যায়, সেটা দেখতে হবে।’

তিনি বলেন, ‘ওমিক্রনের বিষয়ে বলা হয়েছে, এখন থেকে রেস্টুরেন্ট, শপিংমল, প্লেন, ট্রেন ও লঞ্চে যারা উঠবে- তাদের একটা টাইম দিয়ে, ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে। সে রকম একটা চিন্তা-ভাবনার দিকে যেতে হবে।’ রেস্টুরেন্ট, শপিংমলে প্রবেশ এবং প্লেন, ট্রেন ও লঞ্চে ওঠার ক্ষেত্রে ডাবল ভ্যাকসিনেশনের একটা ইমপোজিশন (টিকার দুই ডোজ নেওয়ার বাধ্যবাধকতা আরোপ) আসছে বলে জানান তিনি।

রেস্টুরেন্টে সনদ যাচাই কীভাবে মনিটর করা হবে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মোবাইলে সফট কপি থাকবে কিংবা হার্ড কপি থাকবে। কোনো দেশে পুরো জনসংখ্যা কোনোভাবেই চেক করা সম্ভব নয়, স্যাম্পল হিসেবে করা হয়। ভিজিল্যান্স টিম থাকবে প্রতিটি শহরে। সিটি করপোরেশন, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক আছেন, তারা চেক করবেন। আমাদের ল-এনফোর্সিং এজেন্সি চেক করবে।’

কবে থেকে এটা কার্যকর করা হবে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একটা সময় দিয়ে দিতে বলেছে। টেকনিক্যাল লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা করে একটা টাইম দিয়ে এটা করা হবে। ওমিক্রন ঠেকাতে গেলে স্ট্রিট ভিউতে আপনাকে যেতে হবে। গতকাল (বুধবার) দেখলাম, আমেরিকায় এক মিলিয়ন আক্রান্ত হয়েছে। ভারতেও খুবই সিভিয়ার অবস্থা হয়েছে।’ তিনি বলেন, ‘এটা (সেবা নিতে টিকার সনদ বাধ্যতামূলক করা) অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। টেকনিক্যাল লোকজনের সঙ্গে দু-এক দিনের মধ্যে পরামর্শ করে সময় দিয়ে ইনশাআল্লাহ আমরা অর্ডার করে দিচ্ছি।’

এ ছাড়া বাড়ির বাইরে কোনোক্রমেই মাস্ক ছাড়া যাওয়া যাবে না জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘অলরেডি আমরা বলে দিয়েছি, এখন থেকেই মোটিভেশন ও প্রমোশনার কাজ করবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী বা মোবাইল কোর্টের মাধ্যমে বিষয়টি বাস্তবায়ন করা হবে।’

করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা ছাড়া ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারবে না উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ মর্মে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেবে। টিকা তো এখন একেবারে গ্রাম পর্যন্ত অ্যাভেইলেবল হয়ে গেছে। এ জন্যই এটা ইম্পোজ করে দেওয়া হচ্ছে। টিকা দিয়ে স্কুলে যাওয়া নিরাপদ হবে, প্রমোশন ক্যাম্পেইনে সেটাই বলা হবে। প্রমোশন ক্যাম্পেইনের জন্য স্বাস্থ্য, পিআইডি, স্থানীয় সরকার, প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইমাম সাহেবরাও যাতে খুতবায় টিকার কথা বলেন, সেটাও ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় বলেছে, যে শিক্ষার্থীরা ভ্যাকসিন না নেবে, তারা স্কুল-কলেজে আসতে পারবে না। টিকা নেওয়ার জন্য মোটিভেশনও করতে বলা হয়েছে, ইম্পোজিশনও করতে বলা হয়েছে। উনারা (শিক্ষা মন্ত্রণালয়) বিশ্ববিদ্যালয়ের কথা বলেনি। বিশ্ববিদ্যালয় তো আলাদা কর্তৃপক্ষ।’ ‘বলা হয়েছে, টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষার দরকার নেই। জন্মনিবন্ধন ও এনআইডি বা যে কোনো একটি পরিচয়পত্র নিয়ে গেলেই তারা ভ্যাকসিন পেয়ে যাবে।’

গত ৩ জানুয়ারির মিটিংয়েই শিক্ষা মন্ত্রণালয় টিকা নেওয়া বাধ্যতামূলক করার বিষয়ে জানিয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘তারা এরই মধ্যে মৌখিক নির্দেশনাও দিয়েছে। সচিব বদলি হওয়ায় হয়তো লিখিত নির্দেশনা দিতে দেরি হচ্ছে। ১২ বছরের নিচের বয়সীরা এখনও আমাদের দেশে (টিকা দেওয়ার জন্য) কাউন্টে আসেনি। আমেরিকায় খুবই রেস্ট্রিকটেড কিছু হয়েছে, বাকি কোথাও হয়নি।’ সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম সীমিত রাখতে হবে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করতে হবে।

আমরা কথা বলছি, আমাদের টেকনিক্যাল লোকজন একমত হলে এমনও হতে পারে, তারা বিভিন্ন অনুষ্ঠানে রেস্ট্রিকশন দিয়ে দেবে- এত সংখ্যকের বেশি থাকতে পারবে না।’ তিনি বলেন, ‘বুস্টার ডোজের বিষয়ে তাদের (স্বাস্থ্য বিভাগ) চিন্তা করতে বলা হয়েছে। ৬০ বছর পর্যন্ত থাকবে নাকি কমানো যায়, যেহেতু আমাদের সাফিসিয়েন্ট আছে। গণপরিবহনের বিষয়ে আলোচনা হয়েছে। যদি সংক্রমণ আরও বাড়ে, তাহলে হয়তো ৫০ শতাংশ (আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন) করা হবে। ওটা এখনও হয়নি (চূড়ান্ত সিদ্ধান্ত)।’

গণপরিবহনে অর্ধেক যাত্রী নিলে ভাড়া বাড়ানো হয়। মানুষের আয় তো বাড়ে না- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা বিআরটিএকে বলে দেব, কোনো ভাড়া বাড়ানো যাবে না।’ তবে লকডাউন নিয়ে সভায় কোনো আলোচনা হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

পাকিস্তানের সঙ্গে চুক্তি বাতিল :চুক্তি হওয়ার পর ৩৩ বছর পেরিয়ে গেলেও দুটি কনটেইনার জাহাজ সরবরাহ করেনি পাকিস্তান। তাই পাকিস্তানের সঙ্গে করা চুক্তিটি বাতিল করেছে মন্ত্রিসভা। পাকিস্তান থেকে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য দুটি কনটেইনার জাহাজ ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, পাকিস্তান থেকে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি কনটেইনার কিনতে ১৯৮৮ সালের ১৩ অক্টোবর মন্ত্রিসভা পাকিস্তানের সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিল। আজ পর্যন্ত তারা দেয়নি, কিছু হয়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.