জাবি শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থীদের জয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০২২ এ মোট ১৫টি পদের মধ্যে ১২টি পদে নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সমর্থক আওয়ামীলীগপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক মো. নাজমুল ইসলাম।

নির্বাচনে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ থেকে ২৮৮ ভোট পেয়ে সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক মোঃ লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ এবং ২৯৫ ভোট পেয়ে সম্পাদক পদে ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক মো. মোতাহার হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও এই প্যানেল থেকে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা ও কোষাধ্যক্ষ পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আইআইটি’র অধ্যাপক এম শামীম কায়সার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকবার হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মোহাম্মদ নঈম আজিজ আনসারী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক বুলবুল আহমেদ, নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহমিদা আক্তার, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান।

অন্যদিকে আওয়ামীপন্থী শিক্ষকদের উপাচার্যবিরোধী অংশ ও বিএনপিপন্থী শিক্ষকদের সম্মিলিত জোট ‘শিক্ষক ঐক্য ফোরাম’ থেকে ১৫ টি পদের মোট ৩টি তে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে যুগ্ম সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা এবং সদস্য পদে ফার্মেসী বিভাগের অধ্যাপক মোঃ সোহেল রানা ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

এর আগে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত। এবছর মোট ভোটার ছিল ৬০২ জন। এর মধ্যে পোল হয়েছে মোট ৫৮০ টি ভোট।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.