সহশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রেখেছে তালেবান

নিজস্ব প্রতিবেদক।।

সহশিক্ষা এবং কার্যত এর পেছনে অর্থনৈতিক সংকটের কারণে আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গত রোববার দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী আব্দুল বাকি হাক্কানি এই তথ্য জানান। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খামা প্রেস জানিয়েছে, তালেবানের এই মন্ত্রী বলেন, মেয়েদের জন্য আলাদা শ্রেণিকক্ষ এবং অতিরিক্ত লেকচারার নিয়োগ নিশ্চিত করতে হবে। আর এ জন্য আরও সময় এবং অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন।

হাক্কানি সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে দেশটির কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আফগান ছাত্রদের সমস্যা নিয়ে আলোচনা করেছেন। সেখানে হাক্কানি বলেন, ‘আমরা আফগান শিক্ষার্থীদের সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং পাকিস্তানি কর্মকর্তারা আমাদের আশ্বাস দিয়েছেন। তারা আফগান শিক্ষার্থীদের আরও বেশি হারে বৃত্তি দেবে।’ হাক্কানি আরও বলেন, সফরকালে পাকিস্তানে আফগান শরণার্থীদের জন্য একটি স্বাধীন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অনুরোধও করেছেন তিনি। এ সময় আফগান শিক্ষার্থীদের স্বল্পমূল্যে পড়াশোনার জন্য পাকিস্তান একটি আদর্শ দেশ বলেও মন্তব্য করেছেন আফগান এই মন্ত্রী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.