প্রথম শ্রেণিতেই শুধু বয়সের বাধ্যবাধকতা

নিজস্ব প্রতিবেদক।।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন জানিয়েছেন, স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রথম শ্রেণি ছাড়া আর কোনো শ্রেণিতে বয়স কোনো বাধা হবে না। সম্প্রতি জামালপুর জিলা স্কুলে ভর্তির ক্ষেত্রে বয়স নিয়ে জটিলতা হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল তিনি এ কথা জানিয়েছেন।

লটারিতে উত্তীর্ণ হওয়ার পর বয়সের জটিলতার কারণে জামালপুর জিলা স্কুলে ভর্তি হতে না পারা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আন্দোলনে নামেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গত মঙ্গলবার একটি

অনুষ্ঠানস্থলের ফটকে শুয়ে বিভাগীয় কমিশনারের পথ আটকে দেয়। একই সময় ফটকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইনের কার্যালয়ে যান গণমাধ্যমকর্মীরা। তখন তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তির ক্ষেত্রে প্রথম শ্রেণি ছাড়া আর কোনো শ্রেণিতে বয়স কোনো বাধা হবে না। এ সময় তিনি মুঠোফোনে জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হালিমা খাতুনের সঙ্গে কথা বলেন। তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, উদ্ভূত পরিস্থিতির সমাধান হয়েছে।

এবার ভর্তিসংক্রান্ত সভার পর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রথমে যে নীতিমালা জারি করা হয়েছিল, সেখানে গতবারের নিয়মগুলো ছিল। কিন্তু কিছুক্ষণ পরই সেটি ওয়েবসাইট থেকে নামিয়ে ফেলা হয়। এর পর এ বিষয়ে স্পষ্টকরণ করা হয়। কিন্তু কোনো কোনো প্রধান শিক্ষক সেটি খেয়াল না করার কারণে ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে বলে জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.