অনলাইন ডেস্ক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের আমন্ত্রণে ছয়দিনের সরকারি সফরে দেশটির রাজধানী মালের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন। বুধবার (২২ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় বিকেল ৩টায় মালে পৌঁছাবে। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন। শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে ২৩ ডিসেম্বর স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় ও দ্বৈতকর পরিহারসহ দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।
প্রস্তাবিত চুক্তিগুলো হচ্ছে- দ্বৈতকর পরিহার, বন্দি বিনিময়। সমঝোতা স্মারকগুলো হচ্ছে- বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দুই দেশের যুব ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হবে।
সফরকালে দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২৩ ডিসেম্বর মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। এসময় বাংলাদেশের সরকারপ্রধানকে গার্ড অব অনার প্রদান করা হবে।
একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট প্রাসাদে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করবেন। পরে দুই নেতা গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেবেন।
সফরের তৃতীয় দিন শুক্রবার (২৪ ডিসেম্বর) থেকে পঞ্চম দিন রোববার (২৬ ডিসেম্বর) পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২৭ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. জাহিদ মালেক, সেনাপ্রধান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, পররাষ্ট্র সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপযুক্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কর্মকর্তারা যুক্ত হওয়ার কথা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
