নিউজ ডেস্ক।।
বেসরকারি স্কুলে ভর্তিতে আসনের কোনো সঙ্কট নেই। তবে লটারিতে মূলত প্রতিযোগিতা হবে রাজধানীর প্রসিদ্ধ এবং দেশের নামকরা স্কুলে ভর্তির সুযোগ পেতে। আজ রোববার একযোগে দেশের বেসরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসরকারি স্কুলে ভর্তিতে প্রায় সাড়ে ৯ লাখ আসনের মধ্যে ছয় লাখ শূন্য থাকছে। লটারির আওতায় থাকা দেশের দুই হাজার ৯০৭টি বিদ্যালয়ে তিন লাখ ৬৪ হাজার ৭০৭ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। বাকি আসনগুলোতে ভর্তির জন্য কেউ আগ্রহ প্রকাশ করেনি। গতকাল শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ তথ্য জানা গেছে।
মাউশি সূত্র জানায়, বেসরকারি স্কুলে ভর্তিতে গত ২৫ নভেম্বর অনলাইন আবেদন শুরু হয়। আবেদন চলে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। বেসরকারি স্কুলের ভর্তি লটারি আজ ১৯ ডিসেম্বর রাজধানীর নিউ মার্কেট এলাকায় অবস্থিত নায়েম ভবনে আয়োজন করা হবে। উল্লেøখ্য, আসন্ন শিক্ষাবর্ষে ভর্তির জন্য (২০২২ সালের) বেসরকারি স্কুলে ভর্তি কেন্দ্রীয়ভাবে লটারি আয়োজন করা হচ্ছে।
সারা দেশের দুই হাজার ৯০৭টি স্কুলে ভর্তির জন্য ৯ লাখ ৪০ হাজার ৮০৭ শূন্য আসনে সাত লাখ ১৪ হাজার ৮২১টি বিদ্যালয়ে ভর্তির জন্য পচ্ছন্দক্রম অনুসারে আবেদন এসেছে। এতে মোট তিন লাখ ৬৮ হাজার ৭০৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক জানান, গত বৃহস্পতিবার বেসরকারি স্কুলে ভর্তির অনলাইন আবেদন শেষ হয়। আজ রোববার টেলিটক মোবাইল কোম্পানির তত্ত্বাবধানে কেন্দ্রীয়ভাবে ভর্তির লটারি আয়োজন করা হবে। তিনি বলেন, সরকারি স্কুলে ভর্তিতে আসনপ্রতি ১৩ জনের বেশি আবেদন করলেও বেসরকারিতে মোট আসনের তিনের একাংশ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে।
যেসব স্কুলে ভর্তির জন্য কোনো আবেদন করবে না সেসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করে কারণ জানতে চাওয়া হবে। তবে কোনো শিক্ষার্থী যদি আবেদনের বাইরে থাকে তবে আবারো নতুন করে সুযোগ দেয়া হবে। সেই আবেদন শেষে আবারো ভর্তির জন্য লটারি আয়োজন করা হবে।
এ দিকে গত বৃহস্পতিবার সরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন। কোটা অনুযায়ী বেলা ৩টা থেকে লটারি কার্যক্রম শুরু হয়, রাতের মধ্যে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
