ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি।।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহীম হোসেনকে নিজ পদ থেকে অব্যাহতি দেয়া হলো এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সহ-সভাপতি সজিব আহমেদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেয়া হলো।

কী কারণে ইবরাহিমকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি। ইব্রাহিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে এই মাসের শুরুতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নিতে গ্লাসগো গিয়েছিলেন। সফর শেষে ফেরার দিন ১৪ নভেম্বর তাকে সংবর্ধনা জানাতে বিমানবন্দর এলাকায় মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছিল।

এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে বেশ বেগ পোহাতে হয়। তখন এনিয়ে বেশ সমালোচনা হয়েছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.