নিউজ ডেস্ক।।
চট্টগ্রামে এক স্কুল শিক্ষককে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় বাসচালকের সহকারী তাঁকে বাস থেকে ফেলে দেন। ওই শিক্ষকের পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে।
চট্টগ্রামের কোতোয়ালি থানার পুরনো রেলস্টেশন এলাকায় গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শিক্ষক রহমত উল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দিন গতকাল রাতে বলেন, রহমত উল্লাহ সদরঘাট এলাকার পিটিআইয়ে (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি অক্সিজেন এলাকা থেকে নিউ মার্কেট অভিমুখী একটি বাসে ওঠেন। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে চালকের সহকারীর সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়।
রহমত উল্লাহ স্টেশন রোডের বটতলী এলাকায় নেমে যেতে চাইলে তাঁকে নামতে না দিয়ে পুরনো রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর চালকের সহকারী ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে তাঁকে ফেলে দেন। তাঁর পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে রক্ষা পান তিনি। তাঁকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিক্ষকের স্বজনরা জানায়, রহমত উল্লাহ ৮ নম্বর রুটের সৌরভ পরিবহনের একটি বাসে করে অক্সিজেন এলাকা থেকে নিউ মার্কেট যাচ্ছিলেন। পথে তাঁকে ধাক্কা দিয়ে চালকের সহকারী ফেলে দেন।
এ ঘটনায় জড়িত বাসচালক ও সহকারীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে ওসি নেজাম উদ্দিন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। বাস কম্পানি ওই শিক্ষকের চিকিৎসা খরচ দিয়ে মীমাংসার চেষ্টা করছে। এখনো কোনো মামলা হয়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
