নিউজ ডেস্ক।।
রাজধানীর বেইলি রোডে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রিকশা গুঁড়িয়ে দেওয়া সেই প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। চুয়াডাঙ্গা থেকে তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। গতকাল তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, কিশোর তাসকিনকে চুয়াডাঙ্গা থেকে আটক করা হয়েছে।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির ছাত্র তাসকিন পরিবারের সঙ্গে রাজধানীর মগবাজারে থাকে। এর আগে শুক্রবার বেইলি রোডে বেপরোয়া গতিতে চলা তাসকিনের প্রাইভেটকারের ধাক্কায় একটি রিকশা দুমড়ে-মুচড়ে যায়। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। এ ঘটনায় রিকশাচালক, আরোহী বাবা ও তার শিশুসন্তান আহত হয়।
দুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, একটি কালো রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৪-২২৬৩) বেপরোয়া গতিতে পেছন থেকে চলন্ত রিকশাটিকে ধাক্কা দেয়। কিছু বুঝে ওঠার আগেই রিকশার চালকসহ আরোহী বাবা-শিশুসন্তান রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। এতে শিশুর পা ও তার বাবার হাত ভেঙে যায়। তবে ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে থাকলেও প্রাইভেটকারটি আটকের চেষ্টা করেনি বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। পুলিশ জানায়, সাইবার পেট্রোলিংয়ের অংশ হিসেবে ভাইরাল ভিডিওটি তেজগাঁও বিভাগের নজরে আসে।
পরে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিসারকে প্রাইভেট কার চালককে শনাক্ত করে আটকের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল এলাকা থেকে প্রাইভেটকারটি হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। রাত ৩টা ৪০ মিনিটে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা পুুলিশের সহায়তায় আলমডাঙ্গা হাট বোয়ালিয়া নতুন বাজার এলাকা থেকে তাসকিনকে আটক করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
