নিউজ ডেস্ক।।
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের খেলা দেখতে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির নির্দিষ্ট বুথ থেকে সশরীরে টিকিট কিনতে হবে। ম্যাচের আগের দিন পাওয়া যাবে টিকিট। তবে আসন ফাঁকা থাকা সাপেক্ষে পাওয়া যেতে পারে ম্যাচের দিনও।
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, মাঠে বসে খেলা দেখতে হলে করোনার টিকার দুই ডোজ নেওয়া থাকতে হবে। অন্যথায় কেউ মাঠে বসে খেলা দেখতে পারবেন না।
করোনা সংক্রমণের ঝুঁকি যথাসম্ভব কমাতে গ্যালারির দর্শক ধারণক্ষমতার অর্ধেক আসনের টিকিট বিক্রি হবে, ফাঁকা থাকবে বাকি অর্ধেক। টিকিট কেনার সময় প্রয়োজন না হলেও মাঠে প্রবেশের সময় করোনা টিকা গ্রহণের সনদ দেখাতে হবে। সেই সঙ্গে মাস্ক পরিধান বাধ্যতামূলক। বিভিন্ন ক্যাটাগরির টিকিটের মূল্য হবে সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত।
পাকিস্তানের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ১৯, ২০ ও ২২ নভেম্বর মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২ টায় শুরু হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
