আগামী বছরের জানুয়ারিতে দেশে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ডিসেম্বরের শেষের দিকেও দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুইটি মৃদু এবং মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে চলতি নভেম্বর মাসের শেষে তাপমাত্রা হ্রাস পাবার সম্ভাবনা রয়েছে; বাড়বে শীত। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, শীতকাল মূলতঃ ডিসেম্বর মাসেই শুরু হবে। নভেম্বরের শেষে তাপমাত্রা কমার প্রবণতা হ্রাস পাবে। নভেম্বরে প্রকৃতিতে শীতের আমেজ আসতে শুরু করলেও শীত আসে ডিসেম্বরে। গত তিন দিন সারাদেশে বৃষ্টিপাতের কারণে আবহাওয়ায় একটা ঠান্ডা ভাব এসেছে। এটা শীতের পূর্বাভাস নয়। বৃষ্টি কমে গেলেই ক্রমশ তাপমাত্রা বাড়বে।
ওমর ফারুক বলেন, ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও স্বাভাবিক বৃষ্টিপাত হবে। এ ছাড়া দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চল,উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যস্থানে হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
উল্লেখ্য, রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে নির্ধারণ করা হয়ে থাকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
