নিউজ ডেস্ক।।
স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফল প্রত্যাখ্যান করে দ্রুত বিশেষ পরীক্ষা নেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১টা থেকে তিন ঘণ্টা ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এতে নিউমার্কেট-আজিমপুর সড়ক ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আজ বুধবার সাত কলেজের অধ্যক্ষরা বৈঠক করবেন বলে আশ্বাস মিললে শিক্ষার্থীরা
অবরোধ তুলে নেন। তবে অধ্যক্ষদের বৈঠকের সিদ্ধান্ত তাদের পক্ষে না এলে আজ আবারও সকাল থেকে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মো. আলামিন।
শিক্ষার্থীরা জানান, তাদের ২০১৯ সালের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া হয় ২০২১ সালে। চার বছরের কোর্সে ছয় বছর সময় লেগেছে। চূড়ান্ত বর্ষের ফল প্রকাশ করা হয় গত আগস্টে। কিন্তু ফলে ইংরেজিসহ কয়েকটি বিষয়ে তাদের গণহারে ফেল করানো হয়েছে।
এর আগে খাতা পুনর্মূল্যায়নের দাবিতে গত ২৯ আগস্ট নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা। পরে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোকা অকৃতকার্যদের বিশেষ পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। কিন্তু এর পর দুই মাস অতিবাহিত হলেও পরীক্ষার তারিখ ঘোষণা না করায় শিক্ষার্থীরা আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলামিন বলেন, ফল বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে আমাদের বিশেষ পরীক্ষা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পরীক্ষার তারিখ ঘোষণা করা হচ্ছে না। এমনিতেই আমাদের জীবনের দুই বছর নষ্ট হয়েছে।
তার ওপর স্নাতক চূড়ান্ত পরীক্ষায় ফেল করানো হয়েছে গণহারে। আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারিতে বিশেষ পরীক্ষা নেওয়ার ঘোষণা না এলে আমরা আন্দোলন চালিয়ে যাব। ইডেন কলেজের শিক্ষার্থী স্বর্ণা সাহা বলেন, আমাদের কি কোনো ভবিষ্যত নাই? চার বছরের অনার্স করতে সময় লেগেছে ছয় বছর। শেষ সময়ে ফল বিপর্যয় হওয়ায় আরও পিছিয়ে পড়তে হচ্ছে। আমরা চাই দ্রুত অনার্স শেষ করার সুযোগ দেওয়া হোক। অন্যথায় রাজপথেই থাকব আমরা।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকারকে একাধিকবার ফোন ও এসএমএস পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
