নিউজ ডেস্ক।।
জীবনের আটটি দশক পেরিয়েছেন তিনি। এই বয়সে পরীক্ষায় বসেছেন। ৮৭ বছর বয়সে এসে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন! এত বেশি বয়সে ডিগ্রি অর্জন করে আলোচনায় এসেছেন তিনি। অদম্য এই মানুষটির নাম শানমুগানাথানের ভারাথা, তার বাড়ি শ্রীলংকায়।
দেড় দশকের বেশি সময় ধরে ভারাথা অভিবাসী হিসেবে কানাডায় বসবাস করছেন। দেশটির ইয়র্ক ইউনিভার্সিটি থেকে চলতি মাসের শুরুতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ভারাথা। বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র গ্লোরিয়া সুহাসিনি জানান, তাদের বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি বয়সে স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থী এখন শ্রীলংকা থেকে আসা ভারাথা।
তবে এবারই প্রথম নয়, আরও একটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এই নারীর। নব্বইয়ের দশকে যুক্তরাজ্যের লন্ডন ইউনিভার্সিটি থেকে ফলিত ভাষাতত্ত্বে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন ভারাথা। আর স্নাতক করেছিলেন ভারতের মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে। শ্রুীলংকায় ভারতীয় ইতিহাস ও ইংরেজি এবং লন্ডনে ইংরেজির শিক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভারাথার। এখন কানাডায় প্রবীণ এই নারী স্নাতকোত্তর করেছেন রাষ্ট্রবিজ্ঞানে। বিষয় ‘শ্রীলংকার গৃহযুদ্ধ ও শান্তি অর্জনের প্রক্রিয়া’।
কানাডায় আসার আগে নিজ দেশে কয়েক দশক ধরে চলা তামিল-সিংহলি গৃহযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে ভারাথা ও তার পরিবারকে। মূলত গৃহযুদ্ধের এই ভয়াল অভিজ্ঞতা তাকে গৃহযুদ্ধ ও শান্তি অর্জনের প্রক্রিয়া নিয়ে উচ্চতর পড়াশোনায় উদ্বুদ্ধ করেছে। এখন এসব জ্ঞান তিনি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
