নিউজ ডেস্ক।।
দুবাইয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপে টাইগারদের ভরাডুবির পর দেশে ফিরে যাননি তিনি। একের পর এক হারের লজ্জা অন্যদিকে লম্বা সময়ে বায়ো-বাবলে বন্দি থাকার মানসিক অবসাদ দূর করতেই ছুটিতে তিনি।
মাহমুদুল্লাহ দুবাইয়ে থাকলেও দেশে বাজছে তার অন্য এক ‘ছুটির ঘণ্টা’। এখন আর গুঞ্জন নয়, অনেকটা প্রকাশ্যে চলে এসেছে তিনি নেতৃত্ব হারাচ্ছেন। দুবাইয়ে ভিন্ন ভিন্ন দেশের সংবাদকর্মী থেকে শুরু করে বাংলাদেশে ক্রিকেটের ভক্ত সমর্থকরা বলছেন-টাইগারদের এমন হতশ্রী পারফরম্যান্সের পেছনে অন্যতম দায় দুর্বল নেতৃত্ব। তাই নেতৃত্ব পরিবর্তনই উত্তম। তার মানে টাইগাররা এখন নয়া অধিনায়কের অপেক্ষায়।
পাকিস্তান সিরিজেই যিনি নেতৃত্ব দেবেন দলকে। যার কাছে প্রত্যাশা থাকবে দলকে নতুনভাবে পথ দেখানোর। খাদের কিনারায় থাকা টাইগারদের আবারো ফিরিয়ে আনার চ্যালেঞ্জ থাকবে নয়া অধিনায়কের মাথার ওপর। তাই প্রশ্ন উঠেছে কে হচ্ছেন সেই হিরো! এরই মধ্যে দুটি নাম নিয়ে টাইগারভক্তরা অবস্থান নিয়েছেন পক্ষে-বিপক্ষে। একজন তামিম ইকবাল অন্যজন সাকিব আল হাসান।
তবে যতটা জানা গেছে বিসিবি সাকিব নয়, আস্থা রাখতে চাইছে তামিমে। এরই মধ্যে তার কাছে প্রস্তাবও করা হয়েছে। এ বিষয়ে বিসিবি’র একটি সূত্র দৈনিক মানবজমিনকে জানিয়েছে তারা প্রস্তুত নয়া অধিনায়ক ঘোষণা করতে। সূত্রটি জানায়, ‘নেতৃত্বে পরিবর্তন আসবে। তবে পাকিস্তান সিরিজের আগে হাতে সময় কম। তাই পরীক্ষিতদের মধ্যেই বেছে নিতে হবে। সে তামিম হতে পারে আবার সাকিবও।’
তবে টি-টোয়েন্টি অধিনায়ক কে হচ্ছেন সে সিদ্ধান্ত জানাবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিম ইকবালের নাম অধিনায়ক হিসেবে শোনা গেলেও জানা গেছে শেষ পর্যন্ত সাকিব ফিট থাকলে তার হাতেই উঠতে পারে টাইগারদের দায়িত্ব। নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে সাকিব এগিয়ে থাকলেও তাকে নিয়ে রয়েছে বিসিবি’র দ্বিধাদ্বন্দ্ব।। কারণ, বিশ্বজুড়ে তার টি-টোয়েন্টি খ্যাতি ও অভিজ্ঞতা বিসিবি ব্যবহার করতে চায়। কিন্তু দলের সাবেক এই অধিনায়ক নানা বিতর্কে জড়িয়েছেন। তার ওপর ইনজুরির কারণে তাকে দেখা যায় নানা সময় লম্বা সময় ছুটিতে চলে যেতে। এ ছাড়াও আগে নেতৃত্ব পালন করার সময় তার সঙ্গে বিসিবি’র বিতর্ক কম ছিল না।
টি-টোয়েন্টি দলে আসছে বড় পরিবর্তনও। জানা গেছে, জায়গা হারাচ্ছে বিশ্বকাপে সুপার ফ্লপ লিটন দাস ও সৌম্য সরকার। গতকাল বাংলাদেশে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তার সহকর্মীদের নিয়ে জরুরি সভায় বসেছিলেন। এরই মধ্যে তৈরি করা হয়েছে পাকিস্তান সফরের জন্য একটি প্রাথমিক দলও। তার কথাতে ফুটে উঠেছে বড় পরিবর্তনের আভাসও।
তিনি বলেন, ‘আজকেই (গতকাল) প্রথম মিটিংয়ে বসেছি। যেহেতু বিশ্বকাপে খুব হতাশাজনক পারফরম্যান্স হয়েছে। তবে আগামী কয়েক দিনের মধ্যেই পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু হবে। আমাদের সম্ভাব্য সেরা দল গঠনের জন্য আজকেই বসেছি। আগামী ২-১ দিনের মধ্যেই দল প্রস্তুত করে ফেলবো। প্রাথমিক একটি স্কোয়াড তৈরি করেছি। তাদের জাতীয় লীগ থেকে সরিয়ে রেখেছি। আগামী ৫-৭ দিনের মধ্যে মূল স্কোয়াড ঘোষণা করে ফেলবো। মূল স্কোয়াড ১৫ বা ১৬ জনের হতে পারে।’
অন্যদিকে দলের সঙ্গে বিশ্বকাপ আসরে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমনের হাতে এখন মাহমুদুল্লাহ, মুশফিক, সৌম্য, লিটন সহ ব্যর্থদের ভাগ্য। তিনিই রিপোর্ট দেবেন দলের এমন ভরাডুবির অন্তরালে আসলে কোন কারণগুলো দায়ী ছিল। লিটন, সৌম্যদের নিয়ে নান্নু বলেন, ‘প্রথম মিটিংয়ে বসেছি। এটা নিয়ে (লিটন, সৌম্য) সব বিষয়েই আলোচনা হবে, সার্বিক পারফরম্যান্স নিয়ে।
সামনে কীভাবে আরও ভালো করা যায়, ভালো ক্রিকেট খেলা যায়- সেদিকে নজর রাখবো। যেহেতু টি-টোয়েন্টি সিরিজ আগে, তার ওপর বিশ্বকাপে খুব বাজে পারফরম্যান্স হয়েছে, এগুলো এনালাইসিস করে, আমাদের যে নির্বাচক বিশ্বকাপ দলের সঙ্গে গিয়েছিল তার কাছ থেকে জানতে হবে, কোচের সঙ্গে আলোচনা করে তারপর যা করণীয় তা করা হবে।’
তামিম ইকবাল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে আনফিট দাবি করে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন। আসলে এইসব ছাপিয়ে গুঞ্জন ছিল অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে দূরত্ব বাড়াতেই তিনি খেলছেন না। আসর শুরুর কিছুদিন আগেই তামিম গিয়েছিলেন নেপালে এভারেস্টি ক্রিকেট লীগ টি- টোয়েন্টি খেলতে। সেখানে ব্যাট হাতে নিজের তেমন ঝলক দেখাতে পারেননি দেশসেরা এই ওপেনার।
শেষ মুহূর্তে আঙুলে চোট নিয়ে তিনি দেশে ফিরে এসেছেন। গুঞ্জন ছিল তিনি অবসর নিবেন এই টি-টোয়েন্টি ফরম্যাট থেকেই। তবে এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা। জানা গেছে, দলে ফিরতে পারেন নেতৃত্ব পেলেই। এরই মধ্যে তামিম অনুশীলন শুরু করেছেন। গতকালই তিনি মিরপুর মাঠে আসেন ব্যাট-বল হাতে। তাকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘এখনো তামিমকে নিয়ে আপডেট নেই, ফিজিও আপডেট দিবে। যেহেতু জাতীয় লীগের একটি রাউন্ড খেলার সম্ভাবনা আছে (১৪ই নভেম্বর থেকে)। অনেকদিন ধরে ম্যাচের বাইরে আছে। আমরা ফিজিওর আপডেট নিয়ে তারপর এগোবো।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
