এইমাত্র পাওয়া

৭ কলেজের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে এক ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিন সকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইডেন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে সরকারি সাত কলেজে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও ঢাবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ঢাবি উপাচার্য ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ভর্তিচ্ছুরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য মোট ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ৯৪টি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.