এইমাত্র পাওয়া

পাঠ্যবইয়ে ভুল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।।

সম্প্রতি পাঠ্যবইয়ে ভুল নিয়ে এক ব্যক্তি থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যিনি এ বিষয়ে মামলা করেছেন তিনি হয়তো একগুচ্ছ শব্দের কথা বলেছেন যেগুলো শুদ্ধ করা উচিত ছিল। তবে, যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যে একেবারেই ভুল তা নয়।

শনিবার (৬ নভেম্বর) চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে অনেক চাপের মধ্যে আমাদের বইগুলো তৈরি করতে হয়। তারপরও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যেন নতুন বইতে কোনো ভুলভ্রান্তি না থাকে। এরপরও যদি কোথাও বা কোনো জায়গায় অনিচ্ছাকৃত কোনো ভুল থেকে যায় তাহলে সেগুলো অবশ্যই সংশোধন করা হবে।

নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের জন্য নতুন বই পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.