স্কুলে ভর্তির মাপকাঠি লটারি

নিউজ ডেস্ক।।
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তিতে এবারো পরীক্ষা হচ্ছে না। করোনার কারণে চলতি বছরেও শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে। আর এ বিষয়ে আগামী রোববার নীতিমালা প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্র জানায়, করোনার প্রভাব কমে আসায় গত সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হয়েছিল সংক্ষিপ্ত পরিসরে হলেও এ বছর পরীক্ষা নিয়েই স্কুলে শিক্ষার্থী ভর্তি করা হবে।

যদিও এর আগে লটারির মাধ্যমে ভর্তি করা হতো শুধু প্রথম শ্রেণীতে। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি করা হতো পরীক্ষার মাধ্যমে। এ ছাড়া নবম শ্রেণীতে ভর্তি করা হতো জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে।

চলতি বছরে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হলেও এ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের কাছে অভিভাবক ও ভর্তি ইচ্ছুকদের পক্ষ থেকে বিরূপ প্রতিক্রিয়া আসতে থাকে। পরে গতকাল বুধবার স্কুলে ভর্তি নীতিমালা চূড়ান্তকরণ সম্পর্কিত সভায় পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা সংক্রমণ কমে এলেও এখনো শিক্ষার্থীরা ঝুঁকিমুক্ত নয়। তাই প্রথম দিকে পরীক্ষার মাধ্যমে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হলেও সবার মতামত নিয়ে এখন লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সব ভর্তি লটারির মাধ্যমে আয়োজন করা হবে। এ ছাড়া এ বছরের ভর্তি নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে।
এ দিকে গতকালের সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন সভাপতিত্ব করেন। এতে রাজধানীর সরকারি-বেসরকারি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশের সরকারি স্কুলে ভর্তির আবেদন নোটিশ নির্ধারিত তারিখে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মহানগর, বিভাগীয় শহর এবং জেলা শহরের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন বিজ্ঞপ্তি, আবেদনের ফি ও ফলাফল জানার পদ্ধতিও অনলাইনের মাধ্যমে প্রকাশ করা হবে ।
সূত্র আরো জানায়, সারা দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগ্রহী প্রার্থীরা তাদের পছন্দমতো প্রতিষ্ঠানে অনলাইনে আবেদন করতে পারবেন। লটারির প্রক্রিয়াটি সম্পন্ন করবে ভর্তি কমিটির সদস্যগণ। প্রার্থী বাছাই শেষে সরকারি স্কুলে ভর্তি ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.