অবশেষে জরুরি বিভাগ পেল বিএসএমএমইউ

নিউজ ডেস্ক।।

সোমবার থেকে চালু হলো ১০০ শয্যার সাধারণ জরুরি বিভাগ
সোমবার থেকে চালু হলো ১০০ শয্যার সাধারণ জরুরি বিভাগ

দীর্ঘ প্রত্যাশা আর অপেক্ষার পর সংকটাপন্ন রোগীদের দ্রুত চিকিৎসাসেবা দিতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চালু হলো ১০০ শয্যার সাধারণ জরুরি বিভাগ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ বিভাগের উদ্বোধন করেন।

দেশের প্রথম এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এত দিন বহির্বিভাগ থাকলেও সাধারণ জরুরি বিভাগ ছিল না। অর্থোপেডিক, কার্ডিওলজিসহ মাত্র কয়েকটি বিভাগে জরুরি সেবা ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আজ থেকে আমাদের সব বিভাগের রোগীরা জরুরি সেবা পাবেন। রোস্টার করে ৫৬টি বিভাগের সংকটাপন্ন রোগীদের এই সেবা দেওয়া হবে। আমাদের জরুরি বিভাগে ১০০টি বেড আছে, আমরা সে অনুযায়ী রোগী ভর্তি নেব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো অতিরিক্ত রোগী ভর্তি নেওয়ার সুযোগ নেই এখানে। তবে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্নিষ্ট বিভাগে রোগী ট্রান্সফার করা গেলে জরুরি বিভাগে সাময়িক ভর্তি নেওয়া হবে। এসব বেডের মধ্যে স্ট্রোকের রোগীদের জন্য তিনটি বেড রাখা হয়েছে। অল্প সময়ে চিকিৎসা দেওয়া যাবে- এমন স্ট্রোকের রোগীদের সেখানে ভর্তি নেওয়া হবে।’

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা জরুরি বিভাগেই করা যাবে জানিয়ে উপাচার্য বলেন, ইমারজেন্সিতে আমাদের ল্যাব রয়েছে। এখানেই সিটি স্ক্যান, এমআরআই করা যাবে। অর্থাৎ এক জায়গা থেকে সব সেবা নেওয়া যাবে। আমরা মনে করি, এর দ্বারা রোগীদের ভোগান্তি দূর হবে, অনেকে উপকৃত হবেন। সব বিভাগের জরুরি সেবা এখানে হবে। আমাদের প্রায় দুই হাজারের মতো চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট আছেন।

শয্যার সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, বিএসএমএমইউ হাসপাতালের অধীনে আসা বেতার ভবনে জায়গা বাড়াতে পারলে আরও শয্যা বাড়ানোর পরিকল্পনা আছে।

উদ্বোধনী এই অনুষ্ঠানে বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খানসহ বিভিন্ন বিভাগের ডিন ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.