নিউজ ডেস্ক।।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পরমত সহিষ্ণুতা, সবার সঙ্গে মিলে মিশে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দেশপ্রেমের মত মৌলিক মূল্যবোধ শিশুদের চিন্তা ও মননে গেঁথে দিলে তারাই গড়ে তুলবে আগামীর আলোকিত মানবিক বিশ্ব।
রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১’ এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, তথ্য প্রযুক্তির সব সুবিধা গ্রহণ করতে হলে শিশুদের ছোটবেলা হতেই দক্ষ করে গড়ে তুলতে হবে। জাতিসংঘ ঘোষিত ‘শিশু অধিকার সনদ’ গৃহীত হওয়ার ১৭ বছর আগে বাহাত্তরের সংবিধানে বঙ্গবন্ধু শিশুদের কথা অন্তর্ভুক্ত করেছিলেন, যার ২৮ অনুচ্ছেদে পিছিয়ে পড়া শিশুদের এগিয়ে নিতে বিশেষ ব্যবস্থা বা আইন প্রণয়নের বিষয় বিবৃত আছে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।
শেষে ড. শিরীন শারমিন চৌধুরী কোমলমতি শিশুদের পরিবেশনায় ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১’ এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক, শিশু একাডেমীর কর্মকর্তারা, আমন্ত্রিত শিশু ও তাদের অভিভাবক, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
