‘২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশ হবে’

নিউজ ডেস্ক।।

আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশ হবে।
শনিবার শরীয়তপুরের জাজিরা থানাধীন কুন্ডেরচর কালু বেপারী স্কুল অ্যান্ড কলেজে ইউনিটি ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত ১০ম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু বলেন, শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে। তিনি পিতার আদর্শ ধারণ করে মানুষের ভাগ্য পরিবর্তন করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতির মাধ্যমে ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জনগণের জন্য রাজনীতি করে না। জন্ম থেকেই তাদের সম্বল ষড়যন্ত্রের রাজনীতি। তাদের জনগণের প্রতি আস্থা নেই। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের অশুভ তৎপরতাকে প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। এই অশুভ শক্তি দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন চায়না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক, দেশের বিরুদ্ধে কেউ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করলে বিন্দু পরিমাণ ছাড় পাবে না। বাংলার মুক্তিকামী মানুষ এদেরকে প্রতিহত করবে।

ইউনিটি ফ্রেন্ডস সোসাইটি’র সভাপতি মো. সুজন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারুক হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল হক মাস্টার, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদসহ ইউনিটি ফ্রেন্ডস সোসাইটির সদস্যরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.