আগামী সপ্তাহে টিকা পাবে স্কুলশিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক।।

স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের সপ্তাহখানেকের মধ্যে করোনা প্রতিরোধী টিকা দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গবেষণা দিবসে উপলক্ষে বৈজ্ঞানিক অধিবেশন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দীপু মনি বলেন, ‘স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে রেজিস্ট্রেশন চলছে। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে স্কুলশিক্ষার্থীদের গণটিকা কার্যক্রম শুরু হবে।’

শিক্ষামন্ত্রী আরোও বলেন, অনেক সময় গবেষণার বরাদ্দ ফিরে যায়, যারা গবেষণা করেন তারা হয়তো সঠিক নিয়ম-কানুন মেনে আবেদন করেন না। কোথাও একটা সমস্যা আছে। এ বিষয়টি সবাইকে খেয়াল রাখতে হবে। নইলে যারা ভাল গবেষক আছেন তারা হতাশ হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, সবাই গবেষণার বরাদ্দ বৃদ্ধির কথা বলেন। কিন্তু অনেক সময় দেখা যায় বরাদ্দকৃত টাকার যথাযথ ব্যবহারও হয় না। তাই বরাদ্দকৃত টাকা ফেরত যায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএমএর সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.